হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
জমকালো ও মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর নেতৃত্বে উপজেলা প্রশাসন প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারেক বকাউলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে থানা পুলিশ এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের নেতৃত্বে বিএনপি শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া হাইমচর প্রেসক্লাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে উপজেলা প্রশাসন।
স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার গুরুত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা পাপ্পু, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হারুন উর রশিদ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনের লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/











