হাইমচর অফিস:
হাইমচরে ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত ‘সন্ধিগ্ধ’ এবং একাধিক পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ আসামি মো. ইসমাইল কবিরাজকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতিসহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক নির্দেশনায় এসআই মো. আলমগীর হোসেন, এসআই ফারুক উল ইসলাম এবং এএসআই মোশারফ হোসেনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইসমাইল কবিরাজ হাইমচর থানার চরপোড়ামুখী (কবিরাজ বাড়ি) গ্রামের নজরুল ইসলাম কবিরাজের ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানার একটি মাদক মামলা (জিআর- ৪০৩/২১) এবং হাইমচর থানার একটি ডাকাতি মামলার (জিআর- ০৯/১৫) গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়াও গত ২৯ জানুয়ারি হাইমচর থানায় দায়ের করা একটি নতুন ডাকাতি মামলায় (মামলা নং- ২৫/২৫) তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে ‘সন্ধিগ্ধ’ আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
হাইমচর থানা পুলিশ জানায়, ইসমাইল কবিরাজ এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চুরি ও ডাকাতির অন্তত ১৭ থেকে ১৮টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ধরতে সক্ষম হয়।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, অপরাধ দমনে পুলিশি তৎপরতার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













