নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে নবগঠিত জেলা কমিটির আত্মপ্রকাশ এবং ‘হাদী হত্যার’ বিচারের দাবিতে “আগ্রাসনবিরোধী যাত্রা”র মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (১৬ জানুয়ারি) জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক সাগর হোসেন। তার সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের লক্ষ্য ও আগামীর পরিকল্পনা তুলে ধরা হয়।
বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ করে ‘হাদী হত্যার’ সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিটি জোরালোভাবে উত্থাপন করা হয়।
নবগঠিত কমিটির এই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটোয়ারী ও সিদ্দিকুর রহমান সাজ্জাদ, সদস্য সচিব সাকিব হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা ও নুরুল ইসলাম বিপুল, মূখ্য সংগঠক কামরুল ইসলাম ।
জাতীয় ছাত্রশক্তির এই উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বায়তুল মাল সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখা সেক্রেটারি নাজমুস সাকলাইন।
সমাপনী বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটোয়ারী বলেন, “ছাত্রশক্তি কেবল একটি সংগঠন নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে এক অপরাজেয় শক্তি। হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং দেশের ওপর যেকোনো আগ্রাসন রুখতে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে আগামীতে চাঁদপুর জেলায় ছাত্রসমাজের অধিকার রক্ষায় রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













