নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কিছু যাত্রী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী এমভি এডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ দুটি ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে ফেলে। রাত আড়াইটার দিকে হাইমচরের ৯নং ওয়ার্ড এলাকায় লঞ্চ দুটির মধ্যে প্রচণ্ড বেগে সংঘর্ষ হয়। এতে জাকির সম্রাট-৩ লঞ্চটির একটি বড় অংশ দুমড়েমুচড়ে যায়।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “কুয়াশার তীব্রতার কারণে এই সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।”
বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার পর এমভি এডভেঞ্চার-৯ বরিশালের দিকে চলে গেলেও ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর ঘাটে ভেড়ানোর চেষ্টা করা হয়। তবে মাঝনদীতে এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে যাত্রীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিলে পরিস্থিতি বেগতিক দেখে চালক আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা হন।
নীলকমল ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে তারা বিকট শব্দ শুনতে পান। তবে কুয়াশার ঘনত্ব এত বেশি ছিল যে নদীর পাড়ে গিয়ে তারা কিছুই দেখতে পাননি। সকালে তারা দুর্ঘটনার খবর জানতে পারেন।
চাঁদপুর নদী বন্দরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে। কুয়াশার কারণে নৌ-চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













