হাইমচর প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোঃ জয়নাল আবেদীন বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে আল্লাহ যদি তাঁকে এই চাঁদপুর-৩ আসনে খেদমতের সুযোগ দেন, তবে দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি সর্বাত্মকভাবে চেষ্টা চালাবেন।
তিনি আরও বলেন, “আমি লক্ষ্য করে দেখেছি, চাঁদপুর সদর ও হাইমচর এই দুটি উপজেলা নিয়ে এই আসন। হাইমচর উন্নয়নের দিক থেকে একেবারেই অবহেলিত অবস্থায় আছে। আমি বিভিন্ন জনপদে ঘুরেছি, আমি বিভিন্ন বাড়িতে গিয়েছি—এখানে আমি দেখলাম আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, এরকম অনেক জায়গায় যাতায়াতের সুন্দর ব্যবস্থা নেই। অপরদিকে আমাদের মা-বোনরা যদি অসুস্থ হয়, একটি বাড়িতে যে অ্যাম্বুলেন্স ঢুকবে, ঐরকম ব্যবস্থাও অনেক জায়গায় নেই।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ঢেলের বাজার, কাটাখালী, উত্তর আলগী, মহজমপুর, কমলাপুর, ভিংগুলিয়া গ্রামে হাতপাখা প্রতীকের গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ মোঃ জয়নাল আবেদীন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, “আমার সর্বপ্রথম পদক্ষেপ হলো আমি অন্তত নাগরিক হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের যেই পাওনা, সর্বপ্রথম তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অপরদিকে, উন্নয়নের যা বরাদ্দ হবে, শতভাগ বাস্তবায়নের চেষ্টা করব। দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমি ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে চেষ্টা চালাবো।”
গণসংযোগের বিষয়ে তিনি বলেন, “আজকে দু মাস যাবত আমরা নির্বাচনী গণসংযোগ ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আজকে আমরা হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের সূচি অনুযায়ী গণসংযোগ চলছে। আমরা গণসংযোগ করে যেটি বুঝতে পারলাম, বিগত দিনের যে রাষ্ট্র ব্যবস্থা, বিগত দিনে যারা শাসক ছিলেন, এদের প্রতি মানুষ একেবারেই অতিষ্ঠ। মানুষ নতুন কিছু বন্দোবস্ত, নতুন একটি শাসন ব্যবস্থা ও একটি রাষ্ট্র কাঠামো চায়।”
জননেতা জয়নাল আবেদীন আরও বলেন, “এবং সবচেয়ে বড় কথা হলো একজন ভালো মানুষের নেতৃত্ব মানুষ চায়, এবং আগামী জাতীয় নির্বাচনে সৎ, যোগ্য, আমানতদার কেই তারা দেখতে চায়। সাধারণ মানুষ আমাদেরকে গণসংযোগকালে জড়িয়ে ধরছে এবং আমাদেরকে বলছে যে তাদের মার্কা হলো হাতপাখা, আমরা আর অন্য কোনো মার্কা দেখব না, এবছর আমরা হাতপাখায় ভোট দিয়ে ভালো লোকদেরকে ক্ষমতা নিতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি।”
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান, চাঁদপুর জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ এম নিজাম, ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













