স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গত রবিবার (১৬ নভেম্বর) রাতে হাইমচর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহআলম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক উল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় হাইমচর থানাধীন পূর্ব চরকৃষ্ণপুর এলাকার জনৈক আবুল কবিরাজের বাড়ির সামনে আধা পাকা রাস্তার উপর থেকে মাসুদ রানা ওরফে মাসুদ তপাদার (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। মাসুদ তপাদার উপজেলার চরভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং হযরত আলী তপাদারের পুত্র। তার হেফাজত থেকে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হাইমচর থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে থানায় হাজির করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম জানান, “যৌথ বাহিনীর এই অভিযানে এই মাদক কারবারিকে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, স্থানীয় এলাকা থেকে মাদক নির্মূলের জন্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













