চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা। বুধবার (১২ নভেম্বর) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় জেলা জামায়াতের নেতৃবৃন্দ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা সাদাকে সাদা বলবে এবং সঠিক তথ্য তাদের লেখনির মাধ্যমে জাতির কাছে উপস্থাপন করবে এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “সাংবাদিকরা স্বাধীনভাবে এই সমাজের জন্য লিখবে, এটি বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় গুরুত্ব দিয়ে দেখে। আপনাদের লেখার মাধ্যমেই সমাজের আসল চিত্র উঠে আসবে। আমি নিজেও যদি ভুল করি বা অপরাধে জড়াই, আমার বিরুদ্ধেও লিখবেন। আপনাদের লেখা বন্ধ থাকলে আমাদের সংশোধন হওয়ার সুযোগ থাকবে না।”
মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী জানান, ২০২২ সাল থেকেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা নিজ নিজ এলাকায় কাজ করে আসছে এবং বিগত এক বছরের অধিক সময় ধরে নেতাকর্মীরা সকলের সাথে মিলিমিশে কাজ করছে।
সামগ্রিক রাজনৈতিক জোট প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী যে ৮ দলের সাথে জোট করেছে, সেই জোটের জন্য লিয়াঁজো কমিটির সিদ্ধান্তের আলোকে তারা সব ধরণের ছাড় দিতে প্রস্তুত। তিনি আরও উল্লেখ করেন যে, সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী কিংবা ছাত্র শিবিরের মধ্যে কোনো গ্রুপিং নেই এবং সংগঠনের এক ইশারায় সবাই সবকিছু মেনে নিবে। জাতীয় সনদ বাস্তবায়নের যৌক্তিক দাবির বিষয়ে তিনি প্রশ্ন রাখেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন এটি হতে পারলে আগে কেন হতে পারবে না।
সভার সঞ্চালনা করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তিনি একজন সংবাদকর্মী হিসেবে ২০১৪ সালে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে এবারও সহকর্মী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা, তরুণ সমাজের উন্নয়ন এবং কর্মসংস্থানের অগ্রাধিকার দেওয়া, বিনোদন কেন্দ্র তৈরি করা এবং জেলেদের বিকল্প কর্মসংস্থানসহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, অন্তর্বর্তী সরকারের এই সময়ে সমাজের সকল অসঙ্গতি নিয়ে লেখার সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে যেকোনো সমস্যায় জামায়াতে ইসলামী সাংবাদিকদের পাশে থাকবে। তিনি আইনের শাসন, ন্যায় বিচারসহ সকল সত্য ও ভালো কাজের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময়ে অংশ নিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী সহ স্থানীয় দৈনিক পত্রিকার বিভিন্ন সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন, রাজনৈতিক দল এবং গণমাধ্যম সব পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাবে। নির্বাচন যত নিকটবর্তী হবে পরিস্থিতি ততটা চ্যালেঞ্জিং হবে, এমন পরিস্থিতিতে গণমাধ্যম যাতে বলিষ্ঠ ভূমিকা রাখে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













