হাইমচর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া ব্যাপক গণসংযোগ করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চরভৈরবী, হাইমচর বাজার, জনতা বাজার এবং কাটাখালী এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এই সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখেন।
গণসংযোগে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও চাঁদপুর সদর-হাইমচর-৩ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পদপ্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,
“জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আসুন আগামী জাতীয় নির্বাচনে ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেই। যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এদেশে ইসলামের সরকার, কোরআনের সরকার, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ভোট চাই।”
এসময় হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসেন, সেক্রেটারি জসিম উদ্দিন, সাবেক আমির মাওলানা আলী অকবর, দক্ষিণ আলগী ইউনিয়ন আমির মাওলানা হাফিজ আহমেদ, সহ জামায়াত ইসলামী এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













