হাইমচর প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার করার লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৭ অক্টোবর) হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর আওতায় এই সভার যৌথ আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
সভায় বক্তারা হাইমচরের জনজীবনে নদীভাঙন, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও খরাসহ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের তীব্রতা তুলে ধরেন। তাদের মতে, এসব কারণে এলাকায় পানিবাহিত ও মশাবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয়, মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কে. এম. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই স্বাস্থ্যখাতে চ্যালেঞ্জ তৈরি করছে। ব্র্যাকের মতো উন্নয়ন সংস্থার সহযোগিতা স্থানীয় পর্যায়ে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।”
সভার প্রধান প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার মিজানুর রহমান। তিনি জানান, ব্র্যাক হাইমচর উপজেলায় উঠান বৈঠক, মাইকিং, ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ও কমিউনিটি হেলথ ওয়ার্কারদের (CHW) খানা ভিজিট কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রকল্পটির লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন রায়হান, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ (MODC) ডা. জোবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ব্র্যাকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মো. সেলিম মোল্লা, রিজিওনাল ম্যানেজার (জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি), এবং আবদুল বাতেন, প্রোগ্রাম অফিসার (টিবি কন্ট্রোল প্রোগ্রাম)। সভাটি পরিচালনা করেন আবদুল বাতেন।
উপস্থিত সকলে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া প্রভৃতি রোগ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এই সমন্বয় সভাটি হাইমচরে জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরো দেখুন:https://haimcharprotidin.com













