ডেক্স রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. সলিম উল্লাহ হাইমচর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় হাইমচর প্রেসক্লাবে আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় ড. মো. সলিম উল্লাহ বলেন, “আমরা সবাই মিলে হাইমচর-চাঁদপুরের জন্য কাজ করব। এই পৃথিবীতে আমাদের আসা-যাওয়ার মাঝখানের সময়টুকু যদি মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, তবেই আমাদের সার্থকতা।”

তিনি বলেন, “২০২৪ সালের ৫ই আগস্ট আমাদের যে বিজয় হয়েছে, সেই ৩৬ দিনের আন্দোলন ছিল জালেম, অন্যায়কারী, জুলুমবাজ, চাঁদাবাজ এবং যারা আলেমদের উপরে ইস্টিম রোলার চালিয়েছে তাদের বিরুদ্ধে। একটি সুন্দর দেশ গড়ার জন্য আমরা সবাই মিলে এই আন্দোলনটি করেছি। এই আন্দোলনের ফসল কারো একার নয়, বিশেষ করে এদেশের আলেমদের অনেক অবদান রয়েছে।”
ড. সলিম উল্লাহ জানান, “ওলামায়ে কেরামরা জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ কোনো এক আলেমের দোয়া কবুল করে নিয়েছেন বলেই স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। ছাত্রদের দেওয়া রক্ত ও আলেমদের দেওয়া রক্ত আল্লাহ কবুল করেছেন, তাই আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি।”
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের কাছে অনুরোধ, যে যেই দল করুক আপনারা অন্যায়ের বিরুদ্ধে লিখবেন, জালেমের বিরুদ্ধে লিখবেন, চাঁদাবাজির বিরুদ্ধে লিখবেন, যারা ব্যবসায়ীদেরকে কষ্ট দেবে তাদের বিরুদ্ধে লিখবেন। যারা নিরীহ মানুষের বিরুদ্ধে কাজ করবে, নীরবে চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে লিখবেন। সাংবাদিকরা সকলে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লিখলে এই হাইমচরে কেউ অন্যায় কাজ করতে পারবে না।”

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠার লক্ষ্য উল্লেখ করে বলেন, “বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে দেশটি পরিচালনা করার জন্য বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক তেমনিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও চাচ্ছেন সবাইকে নিয়ে এই দেশটি সুন্দরভাবে পরিচালনা করতে, যাতে করে এই দেশে জুলুমবাজি, চাঁদাবাজি, অত্যাচার কিছুই থাকবে না।”
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ওলামা দল করি। আমি চাই আলেম-ওলামারা যেন জাতীয় সংসদে থাকেন, তাহলে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলতে পারবেন। সেজন্য আমি চাঁদপুর সদর-হাইমচর ৩ আসন থেকে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী।”
তিনি আরও বলেন, “যদি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনে করেন, আমাকে নমিনেশন দিলে উনার দল নিরাপদ থাকবে, দলের মান-ইজ্জত অক্ষুণ্ণ থাকবে এবং চাঁদপুর ৩ আসনের মানুষের জন্য কাজ করতে পারব। যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি।”
চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মো. সলিম উল্যাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চাঁদপুর এর হাইমচর উপজেলার এই কৃতি সন্তান একাধারে সমাজ সেবক, শিক্ষানুরাগী, লেখক, গবেষক, মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক। এছাড়া তিনি ওলামা দল কেন্দ্রীয় কমিটির চট্রগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন।
তিনি মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব। এছাড়াও তিনি আল্লামা নুরুজ্জামান জিয়াউন্নিসা ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সর পরিচালক।
মতবিনিময় সভায় হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোঃ আলী আকবর, সহ-সভাপতি ডিএম জহির, আবুল কালাম আজাদ, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, সদস্য সচিব মাওলানা আলাউদ্দিন আনসারী, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক শরীফ মোঃ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













