চাঁদপুর প্রতিনিধি:
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চাঁদপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা সমবায় দপ্তরের উদ্যোগে এবং জেলার বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও বেলুনে সজ্জিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মো. লুৎফর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যের ওপর জোর দেন এবং এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব বলে মত প্রকাশ করেন। তিনি সমবায় সমিতিগুলোকে আরও সক্রিয় ও স্বচ্ছ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতির সেরা সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আরো দেখুন: https://haimcharprotidin.com/













