বিনোদন ডেক্স:
জনপ্রিয় টিভি অভিনেত্রী কেয়া পায়েল এবার নতুন পরিচয়ে। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেই তিনি নাম লিখিয়েছেন ব্যবসায়। নারীদের জন্য চালু করেছেন একটি আধুনিক বিউটি পার্লার ও স্যালুন।
অভিনয়ে ইতোমধ্যে নাটকের দর্শকদের মনে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন কেয়া পায়েল। এবার তিনি ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালুন’ (Pearl by Payel Makeover & Saloon) নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন।
জানা গেছে, এই নতুন উদ্যোগে তিনি গ্রাহকদের জন্য আধুনিক সব ব্যবস্থা রেখেছেন। অভিনেত্রী কেয়া পায়েল জানান, অভিনয়ের পাশাপাশি তিনি সবসময়ই এমন একটি প্রতিষ্ঠানের স্বপ্ন দেখতেন। বর্তমানে অভিনয়ের কাজের পাশাপাশি তিনি এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিচ্ছেন।
ব্যবসায় নাম লেখানোর পাশাপাশি কেয়া পায়েলের আরও একটি উল্লেখযোগ্য অর্জন হলো আইন বিষয়ে স্নাতক (LLB) সম্পন্ন করা। পরিবারের ইচ্ছাপূরণের জন্য অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়ালেখা চালিয়ে গেছেন এই অভিনেত্রী। তিনি জানান, অভিনয় তার ভালোবাসার জায়গা হলেও, পরিবার ও মায়ের চাওয়ায় পড়ালেখা ঠিকমতো শেষ করতে পেরে তিনি আনন্দিত।
অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেছেন, নাটকেই তিনি পরিচিতি পেয়েছেন এবং এটাকে সব সময়ই বেশি প্রাধান্য দেন। তবে ভালো গল্প ও চরিত্র পেলে তিনি ওটিটি (OTT) কনটেন্ট ও সিনেমাতেও কাজ করতে আগ্রহী। এই মুহূর্তে তিনি আসন্ন ঈদ উৎসবের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
অভিনয়, পড়ালেখা আর ব্যবসা—সবকিছু সমানতালে সামলে চলেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।













