মতলব (চাঁদপুর):
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেছেন, চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের কোনো বিকল্প নেই। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে মনোনিতদের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।
গতকাল, ৯ নভেম্বর (রোববার) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মহান বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনোনীতদের পক্ষে কাজ করার আহ্বান
মনোনয়ন প্রসঙ্গে অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, “মাঠ পর্যায়ে সর্বদিক বিবেচনা করেই দল তাদেরকে মনোনয়ন দিয়েছে। তাই তাদের বিপক্ষে গিয়ে কাজ করে লাভ হবে না। ধানের শীষের পক্ষে কাজ করুন, ভবিষ্যতে মূল্যায়িত হবেন, না হয় হারিয়ে যাবেন।” তিনি স্মরণ করিয়ে দেন, “আপনারা শপথ নিয়ে এসেছেন—মনোনয়ন যাকে দিবে তার পক্ষে কাজ করবেন, ধানের শীষকে বিজয়ী করবেন।”
৭ নভেম্বর জাতীয় চেতনার উৎস
মহান বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা বিএনপির এই নেতা বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য যে ভূমিকা রেখেছিলেন, তা যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “৭ই নভেম্বর আমাদের জাতীয় চেতনার উৎস। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির স্বাধীন সত্তা রক্ষায় এ দিনের শিক্ষা আমাদের পথ দেখাবে।”
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি শোয়েব আহাম্মদ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল ইসলাম মুকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও এডভোকেট মনিরা চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুব দলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপাধি উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান। সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













