উপজেলা প্রতিনিধি, হাইমচর:
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের চৌধুরী বাজারে ব্যতিক্রমী উদ্যোগ ‘ঈদ বাজার সমিতি’র সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) ২৬ রমজান উপলক্ষে ‘মায়ের দোয়া হার্ডওয়্যার’-এর সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে সদস্যদের হাতে গরুর মাংস ও মুরগীসহ ২৪ পদের খাদ্য তালিকা তুলে দেওয়া হয়।
জানা গেছে, চৌধুরী বাজার এলাকার নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করতে এই বিশেষ সঞ্চয় প্রকল্প পরিচালনা করেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ছৈয়াল ও সমাজসেবক মোঃ তছলিম হোসেন। এই সমিতির সদস্যরা সারা বছর প্রতি সপ্তাহে মাত্র ১৫০ টাকা করে জমা দেন। টানা ৫২ সপ্তাহ জমানো এই অর্থ দিয়ে বছরের শেষে ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিশাল এক খাদ্য সম্ভার।
এ বছর বিতরণকৃত ২৪টি পদের মধ্যে ছিল— ৫ কেজি গরুর মাংস, ২টি মুরগী, ৫ লিটার তেল, ২ কেজি পোলাউর চাল, ২ কেজি চিনি, ২ লিটার তরল দুধ, সেমাই, ঘি, মশলাসহ যাবতীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য। এমনকি ঈদ আমেজ যোগ করতে তালিকায় রাখা হয়েছে মেহেদী ও কোল্ড ড্রিংকসও।
খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “সঞ্চয়ের মাধ্যমে উৎসবের প্রস্তুতি নেওয়ার এই মডেলটি সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এমন সামাজিক উদ্যোগ আরও ছড়িয়ে পড়া উচিত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সাংবাদিক শরিফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজকর্মীবৃন্দ।
আয়োজক মোঃ ইকবাল হোসেন ছৈয়াল জানান, “মানুষের যেন ঈদের কেনাকাটা নিয়ে দুশ্চিন্তা করতে না হয়, সেজন্যই আমরা এই ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচি চালিয়ে আসছি। আগামীতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।”
আরো পড়ুন: https://haimcharprotidin.com/











