নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা বাঙালি জাতির ইতিহাসে এই দিনটির ভয়াবহতা এবং গুরুত্ব তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারেক বকাউল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২৫ মার্চের গণহত্যা কেবল বাংলাদেশের ইতিহাসে নয়, বরং বিশ্ব ইতিহাসের এক বর্বরোচিত অধ্যায়। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস এবং এই আত্মত্যাগের মহিমা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। এছাড়া সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভা শেষে ২৫ মার্চের কালরাত্রিতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।












