হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের জরুরি ওষুধের চাহিদা পূরণে আলগী বাজারের পাঁচটি ফার্মেসি রাতেও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভীর রাতে কোনো ফার্মেসি খোলা না পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোবাইল নম্বরে যোগাযোগ করে ওষুধসেবা গ্রহণ করা যাবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা প্রশাসন, হাইমচরের অফিসিয়াল ফেসবুক আইডিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ-সংক্রান্ত একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।
পোস্টে উল্লেখ করা হয়, হাইমচরের সম্মানিত নাগরিকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন-রাতের বিভিন্ন সময়ে চিকিৎসাসেবা নিতে আসেন। সম্প্রতি কয়েকজন নাগরিক অভিযোগ করেন, গভীর রাতে জরুরি ওষুধের প্রয়োজন হলে আলগী বাজারে অনেক সময় ফার্মেসি খোলা পাওয়া যায় না। ফলে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হয়।
এ পরিস্থিতি বিবেচনায় আলগী বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সঙ্গে কিছুদিন আগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচটি ফার্মেসি রাতেও খোলা রাখার বিষয়ে ব্যবসায়ীরা সম্মতি দিয়েছেন। পাশাপাশি কোনো কারণে দোকান খোলা না পাওয়া গেলেও নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করলে সেবা দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
রাতেও ওষুধসেবা দেবে যেসব ফার্মেসি:
১. রিজওয়ান ফার্মেসি — ০১৬৩৯২৭১২০০
২. রিফাত মেডিসিন কর্নার — ০১৯১৪১৩৭৩৬৩
৩. তামজিদ ফার্মেসি — ০১৮৫৭৭৫৯৮৬৫
৪. ফ্রেশ মেডিসিন কর্নার — ০১৯৭৭৫১৩৫১১
৫. লাবলী মেডিক্যাল হল — ০১৯৪৯৪৩৫০০৫
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ওষুধ ব্যবসায়ীদের এ উদ্যোগ বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে নাগরিকদের তালিকাভুক্ত ফার্মেসিগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে গভীর রাতে জরুরি ওষুধ সংগ্রহে রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তি কমবে এবং চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে।












